লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০১ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৬

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের মূল্য সমন্বয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর আবেদন করেছিলেন ভোজ্যতেল ব্যবসায়ীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে লিটারপ্রতি ৫ টাকা দাম সমন্বয়ের অনুমতি দেওয়া হয়।

দাম বাড়ানোর ফলে বাজারে এখন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ২০৪ টাকা। এতদিন এর দাম ছিল ১৯৯ টাকা।

দাম সমন্বয়ের পর বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব কারণ দেখিয়ে আমদানিকারকরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বেশি দাম বাড়ানোর দাবি ছিল। তবে সরকার তা সমন্বয় করে লিটারপ্রতি ৫ টাকা দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে।

Nagad

বাণিজ্য সচিব বলেন, বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তখনকার বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।

দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে কি না জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, এতে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।