খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: তথ্য উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহন, সেপ্টেম্বর ১, ২০২৬

সংগৃহীত ছবি

দেশে চলমান লোডশেডিং ‘খুব স্বল্প সময়ের মধ্যে’ বেশ খানিকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রে আকস্মিক যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ, সঞ্চালন গ্রিডের সীমাবদ্ধতা এবং দ্রুত বাড়তে থাকা চাহিদার কারণে বর্তমান বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে এই সংকট দীর্ঘস্থায়ী হবে না এবং সরকার তা মোকাবিলায় কাজ করছে।

লোডশেডিং নিয়ে তিনি বলেন, ‘আশা করছি যে পরিমাণ লোডশেডিং আছে, সেটা খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমে আসবে।’

তিনি জানান, অতীতে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রামাঞ্চলে তুলনামূলক বেশি লোডশেডিং দেওয়া হতো। তবে বর্তমান সরকার সংকটের চাপ শহর ও গ্রামের মধ্যে তুলনামূলকভাবে সুষমভাবে বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, বড় শহরে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহে নীতিগত অগ্রাধিকার থাকে। তবে শুধু শহরে ক্ষমতাবান মানুষ বসবাস করেন বলে সেখানে বেশি বিদ্যুৎ দেওয়ার নীতি সরকার নেয়নি। সংকটের সময় সবাইকে এর কষ্ট ভাগ করে নিতে হবে।

Nagad

তিনি বলেন, ঢাকা শহরের ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজনীয় মাত্রায় লোডশেডিং সমন্বয় করা হচ্ছে। এতে সাশ্রয় হওয়া বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় পুনর্বণ্টন করা হচ্ছে। এর ফলে ঢাকার বাইরে শিল্প-কারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং গ্রামাঞ্চলেও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের চাপ কমছে।

জাহেদ উর রহমান আরও জানান, অতীতে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ’ সরবরাহের যে দাবি করা হয়েছিল, সে সময় বাস্তবে কতটা লোডশেডিং হয়েছিল তার তথ্যও প্রকাশ করা হবে। আগামী সপ্তাহে এ-সংক্রান্ত তথ্য দেওয়া হতে পারে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা একটা সংকটের মধ্যে আছি এবং এ সংকটের কষ্টটা আমাদের সবাইকে কমবেশি নিতে হবে। এ কষ্ট খুব দীর্ঘ সময় থাকবে, সেটাও আমরা মনে করি না।’

প্রেস ব্রিফিংয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। এ ছাড়া ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে নীতিমালা তৈরির কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি।