উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
প্রশাসনে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার (১৭ আগস্ট) পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চতর নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের পাশাপাশি বিভিন্ন ক্যাডার ও সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব, পরিকল্পনা কমিশন এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।
এ ছাড়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এবং স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, রেলওয়ে, ডাক, কর ও টেলিযোগাযোগসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারাও পদোন্নতি পেয়েছেন। বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাও রয়েছেন এ তালিকায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখ করা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।
কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে তার পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে দাখিল করতে বলা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

